
কক্সবাজার সদর হাসপাতাল থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে অস্ত্র মামলায় গ্রেপ্তার এক রোহিঙ্গা যুবক। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলার পুরুষ ওয়ার্ড থেকে সে পালিয়ে যায়।
পলাতক যুবকের নাম ইব্রাহিম। তিনি টেকনাফের হ্নীলার মোছনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সলিমের ছেলে। স্থানীয়ভাবে ইব্রাহিমকে রোহিঙ্গা সন্ত্রাসী হিসেবে পরিচিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইব্রাহিম কক্সবাজার সদর হাসপাতালের পঞ্চম তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। ঘটনার সময় তার পাহারায় পুলিশ লাইন্সের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবল ছিলেন। তাদের চোখ এড়িয়ে হাতকড়া পরা অবস্থায় সে হাসপাতাল থেকে বেরিয়ে যায় বলে এক রোগীর স্বজন জানান।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকায় স্থানীয় যুবক জাকির হোসেনকে অপহরণের চেষ্টার অভিযোগে ইব্রাহিম ও নুরুল আলম নামে দুই রোহিঙ্গা যুবককে স্থানীয় জনতা আটক করে। পরে তাদের উখিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, আটকের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। আটকের পর আহত অবস্থায় প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, পলাতক ইব্রাহিমকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।